নরসিংদীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে মো. ফয়সাল মিয়া (১৫) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শহরের টাউয়াদী এলাকায় গতকাল সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। সে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ফয়সাল নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) অফিস সহকারী আবদুস সামাদের ছেলে। সদর উপজেলা ডরমিটরিতে তারা থাকত। ছয় ভাইবোনের মধ্যে ফয়সাল তৃতীয়।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় ইফতার শেষে নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় ফয়সাল। রাত নয়টার দিকে টাউয়াদী এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ফয়সালের মা জ্যোৎস্না বেগম বিলাপ করে বলেন, ‘আমার পোলায় সবগুলা রোজা রাখছে। আমাদের সাথে ইফতার করে নামাজ পড়তে গেছে। আর এহন লাশ হইয়া গেল। আমার পোলারে এই রোজার মধ্যে কেডা মারল। আল্লাহ তুমি তাগর বিচার করো।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা অন্য কোথাও হত্যা করে লাশটি টাউয়াদী মহল্লায় ফেলে রেখে গেছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।