নরসিংদীতে স্বামীকে পিটিয়ে আহত করে স্ত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে স্বামী-স্ত্রী পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে স্বামীকে পিটিয়ে আহত করে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের দড়িপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। এ সময় নয়ন মাহমুদ নামের এক যুবককে আটক করে পুলিশ।ধর্ষণের শিকার গৃহবধূ জানান, তাঁর স্বামীর সঙ্গে সন্ধ্যায় ঢাকা থেকে ট্রেনে করে পলাশের জিনারদী রেলস্টেশনে নামেন। পরে হেঁটে বাড়ি ফেরার পথে উল্লিখিত স্থানে আসামাত্রই ছয়-সাতজন বখাটে তাঁদের পথরোধ করে। তাঁদের নাম-পরিচয় জানতে চায় বখাটেরা। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলে তারা তা মানতে রাজি হয়নি। একপর্যায়ে স্বামীকে তাঁর সামনে পেটাতে থাকে। এ সময় গৃহবধূ যুবকদের বাধা দিলে কয়েক বখাটে তাঁকে নাকেমুখে চেপে ধরে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় স্বামীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন বের হয়ে এসে তাঁকে আহতাবস্থায় কলাবাগান থেকে উদ্ধার করে। স্থানীয় লোকজন বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ আহতদের উদ্ধার করে। এবং ঘটনাস্থল থেকে নয়ন মাহমুদ নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।