নরসিংদীতে স্বাস্থ্য কর্মকর্তা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মকর্তা কর্মস্থলে না গিয়ে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ায় গত সোমবার সকালে লোকজন তাঁকে অবরোধ করে রাখে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় তিনি মুক্ত হন। ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) আবদুল আল মাসুদ স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে নরসিংদী শহরের জমজম বেসরকারি হাসপাতাল (প্রা.) লিমিটেডে যান। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে স্থানীয় লোকজন ওই হাসপাতালে গিয়ে আল মাসুদকে অবরোধ করে রাখেন। আল মাসুদ সোমবার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন শিবপুর উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেক। জমজম হাসপাতালের ব্যবস্থাপক হারুন মিয়া বলেন, আবুল আল মাসুদ সোমবার সকালে অস্ত্রোপচারের উদ্দেশ্যে এই হাসপাতালে আসেন। তিনি এখানে নিয়মিত অস্ত্রোপচার করেন। নরসিংদীর সিভিল সার্জন আবদুর রশীদ বলেন, এ ঘটনায় মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।আবদুল আল মাসুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কাজের সুযোগ কম। তাই তিনি মাঝেমধ্যে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে অংশ নেন।