নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের দুই নেতা নিহত
নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচরে ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মো. সিদ্দিকুর রহমান ও ওবায়দুর রহমান নামের ছাত্রলীগের দুই নেতা নিহত হয়েছেন।মো. সিদ্দিকুর রহমান (১৮) পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তাঁর বাড়ি উপজেলার সেকান্দরদী গ্রামে। আর ওবায়দুর রহমানের বাড়ি পূর্ব পলাশ এলাকায়। তিনি নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা।প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সিদ্দিকুর ও ওবায়দুর দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে নরসিংদীর ব্রাহ্মণদী থেকে শিবপুরের ইটাখলার দিকে যাচ্ছিলেন। দক্ষিণ কারারচর নামক এলাকায় একটি বাসকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিদ্দিকুর মারা যান। আশপাশের লোকজন ওবায়দুরকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সিদ্দিকুর ও ওবায়দুর এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।