নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার ধুকুন্দি ও নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বারৈচা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শারমিন আক্তার (১৭) ও রুবেল মিয়া (১৮) এবং পথচারী আশাব উদ্দিন (৫৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে শারমিন ও রুবেল নামের দুই শিক্ষার্থী ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মরজাল থেকে বারৈচা যাওয়ার পথে ধুকুন্দি নামক স্থানে পৌঁছালে ভৈরবগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শারমিন ও রুবেল নিহত হন। এ সময় আরও তিন যাত্রী আহত হয়। পরে ট্রাকটি বেপরোয়া গতিতে পালাতে গিয়ে নারায়ণপুর নামক স্থানে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাছের ডাল ভেঙে পড়ে আশাব উদ্দিন নামক এক পথচারী নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূইয়া বলেন, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।