নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কুন্দারপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
নিহত ব্যক্তিদের মধ্যে এক নারীসহ তিনজন প্রাইভেটকারের যাত্রী এবং অপরজন মাইক্রোবাসের চালক বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন আবুল মিয়া, বিল্লাল মিয়া ও রাসেল।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ মিয়া বলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার পাঁচজন যাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি প্রাইভেটকারে করে সিলেটের হজরত শাহজালাল (রহ.)–এর মাজারে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের নারী যাত্রী মারা যান।
পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও নয়জনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরও তিনজন। বাকি ছয়জন ওই হাসপাতালে ভর্তি আছেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং মহাসড়কের যান চলাচল সচল করেন।