নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার গাবতলীতে একটি মিনি ট্রাকে মালামাল ওঠানোর সময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন ও পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শিবপুরের গাবতলীতে ঢাকা-সিলেট মহাসড়কে একটি মিনি ট্রাকে (ঢাকা-মেট্রো-ব-১১-০০৫৭) কাঁচামাল ওঠানোর সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকাগামী আরেকটি মালবোঝাই ট্রাক (নারায়ণগঞ্জ-ড-১১-০০৭২) ধাক্কা মারে। এতে আলাউদ্দিন মিয়া নামের একজন ঘটনাস্থলে নিহত এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন: শিবপুর উপজেলার যোশর গ্রামের বাশির উদ্দিনের ছেলে আলাউদ্দিন মিয়া (৫০), একই উপজেলার কুমারটেক এলাকার শহীদ মিয়া (৪৫), রায়পুরা উপজেলার গোপালপুর এলাকার নুরু মিয়ার ছেলে হামিদ মিয়া (৩৫), বরিশাল জেলার দেওলা গ্রামের আজহার মিয়ার ছেলে শাহীন মিয়া। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুটি ট্রাকই আটক করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।