নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন যাত্রী। গতকাল রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বাবুরহাট পৌলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে আঁখি আক্তার (২৫) নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের শাহাদত হোসেনের স্ত্রী। নিহত অপর তিন ব্যক্তি অজ্ঞাতপরিচয় পুরুষ। দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ৩০ মিনিট যানচলাচল বন্ধ থাকে।পুলিশ ও আহত যাত্রীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-১৪-৬৮) বাসটির সঙ্গে নরসিংদীর ভেলানগর এলাকা অতিক্রম করার পর সিলেট থেকে একটি বাস ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-২৭৪৪) বাসটির সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। কয়েক কিলোমিটার পথের মধ্যে বাস দুটি একে অপরকে একাধিকবার অতিক্রম করে। এ সময় বাস দুটি দুবার ঝুঁকির মধ্যে পড়ে। যাত্রীদের আপত্তির মুখেও চালকেরা প্রতিযোগিতা থেকে বিরত হননি। বেলা সোয়া দুইটার দিকে নরসিংদীর বাবুরহাট পৌলানপুর এলাকায় একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে তিশা পরিবহনের বাসটি। এ সময় নরসিংদীগামী মেঘালয় লাক্সারি পরিবহনের একটি বাসের সঙ্গে (ঢাকা মেট্রো জ ১১-২৩৬৪) এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ওই বাসের চার যাত্রী নিহত হয়। তিন বাসের আহত ৪০ যাত্রীকে পুলিশ ও স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।আহত ব্যক্তিদের মধ্যে নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার জহির আলী (৩৬), একই উপজেলার ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র এলাকার শাহ আলম (২৮), নরসিংদী সদর উপজেলার মধাবদীর নুরুজ্জামান (৪০), বেলাব উপজেলার পরিমল দাস (২৭), গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নোয়াকান্দা গ্রামের বজলু মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার শাহজাহান মিয়া (৪২), জুয়েল মিয়া (২২), ঢাকার আরিফ হোসেন (৩২) ও কামাল মিয়ার (২৮) অবস্থা গুরুতর।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে, প্রতিযোগিতা করার কারণে দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়াই নিহত আঁখি আক্তারের মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির মরদেহ নরসিংদী সদর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) লাশ তিনটির ময়নাতদন্ত হবে।