নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই সদস্য নিহত
নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। এতে পুলিশের এক সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে যান।দুর্ঘটনায় হাবিলদার মিনহাজ আহমেদ (৩০) ও কনস্টেবল ফরিদ মিয়া (৩০) নামের পুলিশের দুই সদস্য নিহত হন। আহত পুলিশের অপর সদস্যের নাম সার্জেন্ট রউফ সরকার (৪০)। ঘটনায় আহত অন্য পঁাচজন হলেন জাহিদুল ইসলাম (২৭), মিন্টু মিয়া (৩৬), পিকআপ ভ্যানের চালক ফয়সাল মিয়া (৩০), হারুন অর রশিদ (৪০) ও মোতালিব মিয়া (৩৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় শহরের জেলখানা মোড়ে পুলিশের সদস্যরা একটি পিকআপ ভ্যানের কাগজপত্রের বৈধতা দেখছিলেন। এ সময় প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান পেছন দিকে থেকে দ্রুতগতিতে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা হাবিলদার মিনহাজ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পিকআপের পাশে থাকা পুলিশের সার্জেন্ট ও সদস্যসহ সাতজন আহত হন। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে কনস্টেবল ফরিদ মিয়া মারা যান।নরসিংদীর সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, পুলিশের সদস্যরা যানবাহনের বৈধতা পরীক্ষা করছিলেন। এমন সময় পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক সম্পূর্ণ দায়ী।দুই শিশু নিহতশেরপুর প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় শেরপুর জেলা সদরের বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর পশ্চিমপাড়া গ্রামে একটি সেচযন্ত্রচালিত যান (ট্রাক্টর) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই শিশু নিহত হয়। নিহত আসাদ আলী (১৫) জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের কবীর আলী এবং শ্রাবণ (১০) নেকবর আলীর ছেলে। তারা চর গোবিন্দপুর বিদ্যালয়ের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুরা ওই ট্রাক্টরে করে গ্রামে যাওয়ার পথে তা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।