নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় তানভীর জামান ওরফে জেবিন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার রাত সোয়া নয়টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তানভীর সদর উপজেলার নজরপুৃর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবলু মিয়া ছেলে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহতের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, তানভীর ও তাঁর দুই বন্ধু নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া এলাকার ফারুক মিয়া (৩০) ও ইমরান আহমেদ (২৮) মোটরসাইকেলে করে ভৈরব থেকে ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেলটি ইটাখোলা এলাকার পাঠান ফিলিং স্টেশনে পৌঁছামাত্র পিছন দিকে থেকে একটি যাত্রীবাহি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে পড়ে গেলে পিছনে থাকা মালবাহী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর নিহত হন। পরে স্থানীয়রা ফারুক ও ইমরানকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে ফারুককে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন মিয়া বলেন, তানভীরের লাশ নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।