নরসিংদীতে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন
নরসিংদীর শিবপুর উপজেলার ব্যবসায়ী মনু মিয়া হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার ধনিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে আনোয়ার হোসেন ও মনির হোসেন। একই সঙ্গে তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল রোববার বিকেলে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাসেম এই রায় দেন। তবে মামলার প্রধান আসামি হানিফ মিয়াকে খালাস দেওয়া হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৩ জানুয়ারি শিবপুর উপজেলার নৌকাঘাট গ্রামের ব্যবসায়ী মনু মিয়া ভগ্নিপতির বাড়ি থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে তিনটার দিকে স্থানীয় মফিজ উদ্দিনের টেকে পৌঁছার পর মনির ও আনোয়ার মনু মিয়ার সাইকেলের গতিরোধ করে। তারা লোহার রড দিয়ে মনু মিয়ার মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।হামলার পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মনু মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের ভাই সুরুজ মিয়া মনির, আনোয়ার ও তাঁদের বাবা হানিফ মিয়াকে আসামি করে শিবপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।