নরসিংদীতে হুজি সদস্যের ১০ বছরের কারাদণ্ড
আর্জেস গ্রেনেড রাখার দায়ে নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) সদস্য হোসাইন আহমেদ ওরফে তামিমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নরসিংদীর একটি আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় দেন।হুজির নেতা মুফতি আবদুল হান্নানের ঘনিষ্ঠ সহযোগী তামিমের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার শ্যামনগর গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রউফ মিয়া। তামিমকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।সিআইডি সূত্র জানায়, তামিম নরসিংদীর পলাশ উপজেলার দেশবন্ধু সুগার মিল মসজিদের ইমাম ছিলেন। একই সঙ্গে তিনি মুফতি হান্নানের সহযোগী হিসেবে হুজির তৎপরতায় যুক্ত ছিলেন বলে সিআইডির কাছে স্বীকার করেছেন।আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৯ অক্টোবর গভীর রাতে র্যাবের একটি দল পলাশ উপজেলার কাউয়াদীর দেশবন্ধু সুগার মিলের কলোনির বাসা থেকে মসজিদের ইমাম তামিমকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাসার সামনে থেকে মাটি খুঁড়ে একটি আর্জেস গ্রেনেড উদ্ধার করা হয়।