নরসিংদীতে ১৪ মাসে ১১২ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে প্রায়ই ঘটছে হত্যাকাণ্ড। একের পর এক হত্যাকাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়ছে নরসিংদীবাসী। এ বছরের প্রথম দিনেই বিএনপির এক নেতা খুন হয়েছেন। সন্ত্রাসীরা ঘোড়াশাল পৌর বিএনপির কার্যালয়ে ঢুকে জেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি পতিক উল্লাহকে কুপিয়ে হত্যা করে। মূলত, সাবেক পৌর মেয়র লোকমান হোসেন সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পরপরই অস্থিতিশীল হয়ে ওঠে নরসিংদী।জেলা পুলিশের হিসাব অনুযায়ী, ২০১১ সালের ১ নভেম্বর থেকে এ বছরের ২ জানুয়ারি পর্যন্ত ১৪ মাসে জেলায় মোট ১১২টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে গত বছর ৯৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। গত নভেম্বর ও ডিসেম্বর মাসে ২৬ জন খুন হয়। এ ছাড়া ২০১১ সালে জেলা পর্যায়ে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে নরসিংদীতে। ২০১১ সালে নরসিংদীতে ১১৫ জন খুন হয়। ধরন অনুযায়ী হত্যাকাণ্ডগুলোকে আট ভাগে ভাগ করেছে পুলিশ। ২০১২ সালের জানুয়ারি থেকে সামাজিক বিরোধ নিয়ে ৩৭ জন, সন্ত্রাসীদের হাতে ১০ জন, জমিসংক্রান্ত ও পারিবারিক বিরোধে নয়জন, দাম্পত্য কলহের জের ধরে সাতজন, ডাকাত ও চোরের হাতে ছয়জন, র‌্যাব ও গণপিটুনিতে আটজন এবং ধর্ষণ শেষে দুজনকে হত্যা করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ১৬টি লাশ উদ্ধার করা হয়। পুলিশের তালিকাভুক্ত উল্লেখযোগ্য হত্যাকাণ্ডের মধ্যে পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক সরকার, সাবেক কাউন্সিলর শাহজাহান মিয়া, নরসিংদী সরকারি কলেজের ছাত্র সংসদের জিএস বিল্লাল হোসেন, ব্যবসায়ী আপেল মাহমুদ, প্রবাসী আলমগীর হোসেন, পাইকারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, চরদীঘলদী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জমির আলী, নরসিংদী সরকারি কলেজের ছাত্র সুজন মিয়া, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাহফুজুর রহমান, পলাশের ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী আদিবা আক্তার, শিবপুরের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল ভান্ডারী, রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহামঞ্চদ হানিফ, স্থানীয় দৈনিক নরসিংদী বাণীর সাংবাদিক তালহাদ আহমেদ, সদর উপজেলার শান্তিবাওলা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোবারক হোসেন, মনোহরদীর সাগরদী বালিকা উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী সুজিত আশ্চার্য, পলাশ উপজেলার চলনা গ্রামের লুৎফর রহমান এবং সর্বশেষ পতিক উল্লাহ হত্যাকাণ্ড বেশ আলোচিত। শহরের বিলাসদী এলাকার হারিছ মোল্লা বলেন, ‘অনিরাপদ পরিবেশে সন্তানদের কীভাবে মানুষ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, নরসিংদীর পরিস্থিতি ভয়াবহ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখন পর্যন্ত প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের কারণে আমাদের নরসিংদী বসবাসের অনুপযোগী। হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহ বোধ করে। আর এ কারণে এসব হত্যাকাণ্ড ঘটছে।’নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত হালদার বলেন, ‘আগে থেকেই নরসিংদী অপরাধপ্রবণ এলাকা। এরই ধারাবাহিকতায় বর্তমানে এ হত্যাকাণ্ড ঘটছে। এ ছাড়া ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়ায় এখানে জমির দাম অনেক। এ কারণে জমি নিয়ে বিরোধ তৈরি হচ্ছে। নরসিংদীর যোগাযোগব্যবস্থা ভালো হওয়াও আরেকটা কারণ। বাইরের পেশাদার খুনিরা এখানে হত্যাকাণ্ড ঘটিয়ে সহজে পালিয়ে যেতে পারে। এ কারণে আশপাশের অনেক হত্যাকাণ্ড এ জেলায় হয়ে থাকে। এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছি।’