নরসিংদীতে ৩০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে প্রায় ৩০০ কেজি গাঁজাসহ আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গতকাল সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক নরসিংদী জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ভেনিসা রডিক্স প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেন। গ্রেপ্তার ও কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মো. হাবিব মিয়া, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মিলপাড়া গ্রামের নুরুজ্জামান, পঞ্চগড়ের সদর উপজেলার সর্দারপাড়া গ্রামের জামিউল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামের মো. আক্কাস, নরসিংদী সদর উপজেলার জগন্নাতপুর এলাকার বাবুল, একই উপজেলার নাগরিয়াকান্দি গ্রামের মো. ইমান আলী ও দীপু মিয়া, কামারগাঁও গ্রামের মো. রাসেল মিয়া।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পথে আসা ওই গাঁজা আখাউড়া থেকে তিনটি প্রাইভেট কারে করে ঢাকা নেওয়ার সময় গোয়েন্দা পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় প্রাইভেট কারসহ ওই আটজনকে গ্রেপ্তার করা হয়।