নরসিংদীর অর্ধশত কারখানার পরিবেশ ছাড়পত্র নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল বলেছেন, বর্তমানে বেশির ভাগ শিল্পপতি পরিবেশ ছাড়পত্রকে গুরুত্ব দিচ্ছেন না। নরসিংদীতে এখনো প্রায় অর্ধশত শিল্পকারখানা রয়েছে, যেগুলোর কোনো পরিবেশ ছাড়পত্র নেই।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ‘পরিবেশদূষণ ও তার প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রইছউল আলম মণ্ডল এ কথা বলেন। নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রইছউল আলম মণ্ডল বলেন, পরিবেশ আইনের কিছু ধারা ভ্রাম্যমাণ আদালতের ওপর ন্যস্ত করতে হবে। দূষণ রোধে প্রয়োজনে সম্ভাব্য সব ক্ষেত্রে শক্তি প্রয়োগ করতে হবে। এ ব্যাপারে শিগগিরই সরকারের নীতিনির্ধারক পর্যায়ে বৈঠক হবে। নরসিংদীতে শিল্পের অনেক উন্নয়ন হয়েছে, উন্নয়ন আরও হবে। কিন্তু এ উন্নয়ন থেকে পরিবেশের উন্নয়ন যেন বাদ না পড়ে, সেদিকে শিল্পপতিদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
এর আগে রইছউল আলম অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, ইটভাটার মালিক, ডাইং কারখানার মালিক, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছ থেকে পরিবেশদূষণের প্রতিকার সম্পর্কে মত নেন। এ সময় দূষণ থেকে উত্তরণের পথ হিসেবে জেলা ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব উদ্দিন ভূঁইয়া কেন্দ্রীয়ভাবে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের প্রস্তাব করেন। এর সঙ্গে ভিন্নমত পোষণ করে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা ব্যক্তিগতভাবে ইটিপি স্থাপনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ইটিপি স্থাপনে সব ব্যবসায়ীর আন্তরিকতা আছে। সবাই ইটিপি স্থাপন করতে চান। কেন্দ্রীয় ইটিপি স্থাপন দীর্ঘমেয়াদি ও ব্যয়সাপেক্ষ। তাই সরকারের উচিত ব্যবসায়ীদের ইটিপি স্থাপনে উদ্বুদ্ধ ও উৎসাহদানে দীর্ঘমেয়াদি সুদে ঋণ দেওয়া।
নরসিংদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, নরসিংদীতে ছোট-বড় ৮৬টি ডাইং কারখানা রয়েছে। এর মধ্যে ৭৬টি কারখানায় ইটিপি স্থাপন করা হয়েছে। বাকি ১০টির মধ্যে আটটি কারখানায় ইটিপি স্থাপনের ৭০ শতাংশ এবং দুটিতে ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। তিনি পরিবেশদূষণ রোধে ও শিল্পমালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিকল্পে একটি তরল বর্জ্য পরিশোধনাগার পরীক্ষাগার ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের দাবি জানান।
রইছউল আলম বলেন, নরসিংদীর দূষিত নদীগুলোই হবে ইটিপি চালু করা না-করার প্যারামিটার। নদীর পানিই প্রমাণ করবে, কে ইটিপি ব্যবহার করছেন আর কে না করেছেন।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক তৌফিকুল আরিফ সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, পরিবেশ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের উপপরিচালক আবদুস ছালাম সরকার, জেলা ইটভাটা মালিক সমিতির সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।