নরসিংদীর কারাগারে ধারণ ক্ষমতার চার গুণ বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা কারাগারে ধারণক্ষমতার চার গুণ বন্দী রয়েছেন। এতে বন্দীদের গাদাগাদি ও পালা করে ঘুমাতে হচ্ছে। এখানে কারারক্ষীর হার অনেক কম। উপকারাধ্যক্ষ ও কারাচিকিৎসকের পদও শূন্য। এতেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।নরসিংদী জেলা কারাগার সূত্রে জানা যায়, ১৯৮৩ সালের ১২ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী পৌর এলাকার ভেলানগরে পাঁচ একর জায়গা নিয়ে নরসিংদী জেলা কারাগার প্রতিষ্ঠা করা হয়। এই কারাগারে বন্দী ধারণক্ষমতা ২৪০ জন। কিন্তু বর্তমানে বন্দী রয়েছেন ৯২২ জন। তাই বন্দীদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। রাতে তাঁদের ঘুমাতে হয় পালা করে। গোসল ও শৌচাগার ব্যবহার করতে হয় সারিতে দাঁড়িয়ে। এসব কারণে কারাগারে রোগব্যাধি ছড়িয়ে পড়েছে। অর্ধশতাধিক বন্দী চর্মরোগসহ বিভিন্ন ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছেন। কারাগার সূত্রে আরও জানা যায়, বর্তমানে বন্দীর সংখ্যা অনুয়ায়ী শতাধিক কারারক্ষী থাকার কথা। কিন্তু কারারক্ষী ও কর্মকতা-কর্মচারী মিলিয়ে আছেন ৫৫ জন। এতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।এদিকে চিকিৎসকের অভাবে বন্দীদের ঠিকমতো চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সম্প্রতি আমজাদ হোসেন ভূঁইয়া (৫৪) ও আবু ছিদ্দিকুর রহমান (৩৫) নামের দুজন বন্দী হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারলে হয়তো তাঁদের সুস্থ করে তোলা সম্ভব হতো বলে মনে করেন আদালতে আনা বন্দীদের কয়েকজন। কারাচিকিৎসকের পদটি শূন্য থাকায় পরিস্থিতি সামাল দিতে জেলা সিভিল সার্জনের মাধ্যমে নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমানকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তাতে তেমন কোনো সুফল আসছে না। কারণ, খণ্ডকালীন একজন চিকিৎসকের পক্ষে হাজারো বন্দীকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।নরসিংদী জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা করছি বন্দীদের সব ধরনের সুযোগসুবিধা প্রদানের। আমাদের এখানে কারাচিকিৎসকের পদটি খালি থাকায় একজন ফার্মাসিস্ট দিয়ে আপাতত প্রাথমিক কাজ চালানো হচ্ছে।’কারাগারের তত্ত্বাবধায়ক মো. জাকের হোসেন ধারণক্ষমতার চেয়ে বন্দীর সংখ্যা অনেক বেশি ও উপকারাধ্যক্ষ, কারাচিকিৎসক, কারারক্ষীসহ জনবলসংকটের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হবে।