নরসিংদীর ঘটনায় ঢাকায় বিচারকদের প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ ইমান আলী শেখের ওপর পুলিশের নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো বিচার নিষ্পত্তির জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনেরও দাবি করা হয়।গতকাল সোমবার ঢাকার জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই দাবি করা হয়। এতে ঢাকা ও এর আশপাশের জেলায় কর্মরত প্রায় ১০০ বিচারক প্রতিবাদ সভায় যোগ দেন। বিচারকেরা বলেন, নরসিংদীর এই ঘটনা পুরো বিচার বিভাগের ওপর আঘাত। দোষী পুলিশদের বিরুদ্ধে ফৌজদারি মামলার পাশাপাশি ক্ষতিপূরণের মামলাও করতে হবে। প্রয়োজনে বিচারকেরা চাঁদা তোলে পুলিশের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবেন। তাঁরা বলেন, পুলিশদের বিরুদ্ধে নরসিংদীর আদালতে নালিশি মামলা হয়েছে। এ মামলা কখনোই প্রত্যাহার করা হবে না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। সভায় আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদ্দার বলেন, কয়েক দিন আগে ঢাকা আদালত এলাকায় সাংবাদিক ও আইনজীবীদের নির্যাতন করা হয়েছে। এবার বিচারকদের ওপর হামলার বিষয়টি ভেবে দেখা উচিত। কারা এসব কাজ করছে। ওই সব পুলিশ সদস্যদের ইতিহাস খোঁজে বের করতে হবে। এ ক্ষেত্রে আইনজীবী ও সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে।ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা বলেন, বিচারককে এভাবে আঘাত করলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সবাইকে বিষয়টি ভেবে দেখতে হবে। বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিকাশ কুমার বলেন, বিচারকদের প্রবেশপথে পুলিশ কীভাবে নিরাপত্তা দেবে, তা বিচারক অধিকর্তাকে জানাতে হবে। সভাপতির বক্তৃতায় ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ বলেন, বিচারকদের সংগঠন ঝিমিয়ে পড়েনি। সংগঠনের মহাসচিব দেশের বাইরে আছেন। তাই এই সভায় আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তাঁর এ কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত বিচারকেরা হইচই করে প্রতিবাদ জানান। সভায় আরও বক্তব্য দেন বিশেষ জজ মোজাম্মেল হোসেন, যুগ্ম মহানগর দায়রা জজ অরুনাভ চক্রবর্তী, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মজিবুর রহমান, বিচারক রেজাউল ইসলাম, নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, আইন কর্মকর্তা মশিউর রহমান, আবদুল মান্নান খান, সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার শাজাহান কবির, তৈয়েবুল হাসান প্রমুখ।