নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে গতকাল শুক্রবার দুই পক্ষের টেঁটাযুদ্ধে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় তিনটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নিহত নুরু মিয়া (৩৫) রায়পুরার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে জুলহাস মিয়া ও খালেক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি গজারিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বিশেষ করে আজ শনিবার এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে তাদের বিরোধ চাঙা হয়। গতকাল দুপুরে খালেক মিয়ার সমর্থক খোকনকে কটূক্তি করে জুলহাসের লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বাগিবতণ্ডার পর উভয় পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুপুর দুইটা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল পাঁচটা পর্যন্ত এ সংঘর্ষে আবুল হোসেন, হাসেন আলী ও মকবুল হোসেনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আহত হন অন্তত ৩০ জন। আহত ব্যক্তিদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জুলহাস মিয়ার সমর্থক নুরুর মৃত্যু হয়।শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক সংঘর্ষে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধ মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নিলেও তাদের অনাগ্রহের কারণে সম্ভব হয়নি। জুলহাস মিয়া ও খালেক মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এ টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।