নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষ একজন নিহত
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরাঞ্চলের বকশালীপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বাসেত মিয়া (৪০)। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আসাদ আলী, রিদন ও মোছলেম মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।জানা গেছে, চরে প্রভাব বিস্তার ও জমিসংক্রান্ত বিষয় নিয়ে বকশালীপুর গ্রামের তাজুল ইসলাম ও ছালাম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বিরোধ মেটাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। এর আগেও তাঁদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। আদালতে পাল্টাপাল্টি মামলাও আছে।স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সকাল সাতটার দিকে সংঘর্ষ বাধে। এর একপর্যায়ে বাসেত মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।তাজুল ইসলাম জানান, সংঘর্ষে নিহত বাসেত মিয়া তাঁদের সমর্থক।ছালাম মিয়ার বড় ভাই মিনু মিয়া বলেন, ‘বাসেত মিয়া আমাদের টেঁটার আঘাতে নয়, তাজুল ইসলামের পক্ষের লোকজনের টেঁটার আঘাতে মারা যান। হামলাকারীরা আমাদের পক্ষের ২৫টি বাড়িঘর ভাঙচুর, ২০টি গরু লুট ও দুটি দোকানের মালামাল লুট করে।’নরসিংদী সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার এজাজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি (গতকাল সন্ধ্যা পর্যন্ত)। নিহত বাসেতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।