নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত
নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের শহীদ মেম্বার ও হরিপুর গ্রামের সুমেদ আলীর সমর্থকদের মধ্যে গত রোববার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সালাম সরকার, গয়েছ আলী, খলিল উদ্দিন, সালাম মিয়া, বাদল মিয়া, আইনুল, আলাল উদ্দিন, জামাল উদ্দিন, হানিফা বেগম, মাইন উদ্দিন, সুতন মিয়া ও সুমেদ আলী। তাঁরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, তিন মাস আগে শহীদ মেম্বার ও সুমেদ আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে সংশ্লিষ্ট দুই গ্রামের লোকজন তাদের এলাকার পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার স্থানীয় নেতারা উদ্যোগ নিলেও মীমাংসা হয়নি। এরই জের ধরে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং আদালতে পাল্টাপাল্টি মামলা হয়। ইতিমধ্যে সংঘর্ষকালে টেঁটাবিদ্ধ হয়ে দড়িগাঁও গ্রামের রইছ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়।এক সপ্তাহ ধরে তাদের মধ্যে নতুন করে আবার উত্তেজনা দেখা দেয়। রোববার সন্ধ্যা সাতটার দিকে হরিপুর গ্রামের সুমেদ আলীর নেতৃত্বে একদল লোক টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে দড়িগাঁও গ্রামের সরদার শহিদ মিয়ার সমর্থকদের বাড়িতে হামলা চালায়। শহিদ মিয়ার লোকজনও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু সায়েমের নেতৃত্বে রায়পুরা ও নরসিংদী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় দুই গ্রামে অভিযান চালিয়ে সংঘর্ষে ব্যবহূত প্রচুর টেঁটা উদ্ধার করা হয়।রায়পুরা থানার উপপরির্দশক (এসআই) আনোয়ার হোসেন গতকাল সোমবার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চরে পুলিশ রাখা হয়েছে। কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা করেনি।