নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ৪০
নরসিংদীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ মোট ৪০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছেন, সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার ও ফিরোজ মেম্বারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গত সোমবার সায়দাবাদ বাজারে একটি ককটেল বিস্ফোরিত হয়। গতকাল সকালে দুই পক্ষের কয়েকজন এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে একপর্যায়ে উভয় পক্ষের কয়েক শ লোক টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। এর মধ্যে টেঁটাবিদ্ধ হয় ১০ জন। টেঁটাবিদ্ধ ব্যক্তিদের মধ্যে ফিরোজ মেম্বারের সমর্থক শাজাহান মিয়া, ফজলুল হক, বাছেদ মিয়া, নজরুল ইসলাম, মো. সালাউদ্দিন ও মাইনুদ্দিনকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদী সদরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ মিজানুর রহমান, নাজিম উদ্দিন, আজিজুল হক, জানে আলম, আকমল হোসেন ও আব্দুল আওয়ালকে আটক করেছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কিছুদিন আগে একই গ্রামে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন। আহত হয় শতাধিক লোক।