নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষ পুলিশসহ আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলার চরদীঘলদি ইউনিয়নে বিবদমান দুপক্ষের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ ২৫ ব্যক্তি আহত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চরদীঘলদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মনসুর সরকার ও মুসলেম মিয়ার সমর্থকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় আবু মনসুর সরকারের স্ত্রী ও মেয়েসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, চর দখলকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে ইউপি চেয়ারম্যান আবু মনসুর সরকারের পক্ষ ও স্থানীয় মুসলিম মিয়ার পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থামানোর চেষ্টা করে। এতে উভয় পক্ষ ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে। সংঘর্ষের খবর পেয়ে নরসিংদী পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ জনকে গ্রেপ্তার ও দেশি অস্ত্র উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) টুটুল এবং কনস্টেবল সুরুজ, মোখলেছ, সফিউদ্দিন, শরীফুল, মাকসুদ ও ফিরোজ। তাঁদের মধ্যে কনস্টেবল মোখলেছ, শরীফুল ও মাকসুদকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় দুটি মামলা করেছে। একটি মামলায় চেয়ারম্যান আবু মনসুর সরকারের স্ত্রী রাশিদা আক্তারকে এবং আরেকটি মামলায় আলমগীর নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়েছে।