নরসিংদীর তিন সড়কে লেভেল ক্রসিং নেই
নরসিংদী শহরের পাঁচটি সড়কের ওপর দিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ। এর মধ্যে যান পারাপারের জন্য দুটি সড়কে লেভেল ক্রসিং আছে। বাকি তিনটি সড়কে লেভেল ক্রসিং নেই। এতে শহরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের মাঝ দিয়ে রেলপথ হওয়ায় উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়েছে নরসিংদী শহর। উত্তরে রয়েছে জেলা প্রশাসন, নরসিংদী সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি দপ্তর, আদালত ও স্কুল-কলেজ। দক্ষিণে রয়েছে বাজার, বাসস্ট্যান্ডসহ আবাসিক এলাকা। শহরে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও পৌরসভার পাঁচটি সড়ক রয়েছে। সওজের নির্মিত ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল ও শহরের প্রধান সড়ক আরশীনগরে লেভেল ক্রসিং রয়েছে। বাসাইল ক্রসিং দিয়ে সাহেপ্রতাব, সাটিরপাড়া হয়ে পাঁচ কিলোমিটার ঘুরে শহরে প্রবেশ করতে হয়। শহরবাসী বিকল্প সড়ক না থাকায় শুধু আরশীনগর লেভেল ক্রসিং পার হয়েই যাতায়াত করে। এতে প্রতিদিন এখানে যানজটের সৃষ্টি হয়।
নরসিংদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, নতুন শিল্পকলা, বিলাসদী ও বীরপুর মসজিদের পাশে পৌরসভার সড়ক থাকলেও রেললাইনে লেভেল ক্রসিং নেই। এরপরও সময় বাঁচাতে মাঝেমধ্যে কিছু যানবাহনকে ঝুঁকি নিয়ে এসব এলাকা দিয়ে রেললাইন পার হতে দেখা যায়। এসব সড়কসংলগ্ন রেললাইনে লেভেল ক্রসিং নির্মিত হলে শহরের প্রধান সড়কটিতে যানবাহনের চাপ কমবে। সেই সঙ্গে সময় সাশ্রয় হবে, এতে যানজটও কমবে।
পৌরসভা ও রেলওয়ে সূত্রে জানা গেছে, অবৈধ লেভেল ক্রসিং দিয়ে যানবাহন চলাচলে উদ্বেগ প্রকাশ করে ২০১২ সালের ৮ এপ্রিল রেলওয়ে বিভাগের পক্ষ থেকে নরসিংদী পৌরসভাকে চিঠি দেওয়া হয়। চিঠিতে জননিরাপত্তার স্বার্থে লেভেল ক্রসিংয়ে গেট (বেরিয়ার) স্থাপন ও গেটকিপার নিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৪ মে রেলমন্ত্রীর কাছে কোর্ট রোড (বর্তমানে নতুন শিল্পকলা সড়ক), বিলাসদী ও বীরপুর মসজিদের পাশের রেললাইনে লেভেল ক্রসিং নির্মাণের আবেদন করেন পৌরসভার মেয়র। সূত্র জানায়, বিষয়টি জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অনেকবার আলোচনা হয়েছে। ২০১৪ সালের ২৫ আগস্ট আবার রেলমন্ত্রীর কাছে লেভেল ক্রসিং নির্মাণের আবেদন করেন মেয়র। আবেদনে পৌরসভার নিজস্ব অর্থায়নে লেভেল ক্রসিং ও গার্ডরুম নির্মাণ করে নিরাপত্তাপ্রহরী নিয়োগ করার কথা উল্লেখ করা হয়। এ ছাড়া জেলা প্রশাসক গত বছরের ২৬ আগস্ট রেলসচিবের কাছে পৌরসভাকে লেভেল ক্রসিং নির্মাণের অনুমতি দিতে অনুরোধ করে চিঠি দেন।
নরসিংদীর স্টেশনমাস্টার মহিদুল ইসলাম বলেন, নরসিংদী শহরের ওপর দিয়ে প্রতিদিন পূর্বাঞ্চলীয় জোনের মেইল, আন্তনগর ও কনটেইনারবাহী ৫০-৫২টি ট্রেন যাওয়া-আসা করে। সকাল ছয়টা থেকে নয়টা ও বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘন ঘন ট্রেন আসা-যাওয়া করে। প্রতিবার ট্রেন যাওয়ার সময় পাঁচ থেকে আট মিনিট লেভেল ক্রসিং বন্ধ থাকে।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, একটি সড়কের ওপর পুরো শহরের যোগাযোগব্যবস্থা নির্ভর করায় বাড়ছে যানজট। এখন দ্বৈত লাইন নির্মাণ হয়েছে, ভবিষ্যতে ট্রেনের সংখ্যাও বাড়বে। এতে জনদুর্ভোগ বেড়ে যাবে।
নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান বলেন, জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আইনি জটিলতায় এ ক্ষেত্রে পৌরসভা কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
রেলওয়ে নরসিংদীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক বলেন, ‘কর্তৃপক্ষের এ-সংক্রান্ত নির্দেশনা এখনো পাইনি।’