নরসিংদীর দুর্গম চরে সংঘর্ষ, গুলি-টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামের দুর্গম চরে গত শনিবার রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে বজলু মিয়া (৬৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ১৮ জন।আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় ইকবাল মিয়া (২০) ও এরশাদ মিয়াকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউজ্জামান বলেন, আলীপুরা গ্রামে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের সুলতান মিয়া ও কামাল মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিক সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলা হয়েছে। সর্বশেষ এক সপ্তাহ আগে তাঁদের সংঘর্ষে ২০ জন আহত হন। এর পর থেকে এলাকার মধ্যে উত্তেজনা দেখা দেয়।ইউপি চেয়ারম্যান বলেন, ওই ঘটনার সূত্র ধরে শনিবার রাত আটটার দিকে কামাল পক্ষের লোকজন সুলতান পক্ষের লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষ টেঁটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে সুলতান মিয়ার সমর্থক বজলু মিয়া রাত নয়টার দিকে নরসিংদী সদর হাসপাতালে মারা যান। নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, আলীপুর গ্রামের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়ায় রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো কোনো মামলা এবং কেউ আটক হয়নি।