নরসিংদীর পুলিশ সুপারকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম তাঁর স্থলাভিষিক্ত হবেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ খবর জানানো হয়।

গত ৯ নভেম্বর রাতে নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে তাবলিগ জামাতের লোকদের অবস্থান করতে না দেওয়ায় ইমামকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে স্থানীয় ব্যক্তিরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে অজ্ঞাতনামা (৪০) একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে তাবলিগ জামাতের লোকদের থাকতে দেওয়া হয় না। তবে ওই দিন দুপুরে তাবলিগের ২০-২৫ জন ওই মসজিদে যান। এ সময় মসজিদের ইমাম আলী আকবর এলাকাবাসীর সিদ্ধান্তের বিষয়টি তাঁদের জানান। কিন্তু তাঁরা এলাকাবাসীর সিদ্ধান্ত উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মসজিদে অবস্থান করেন। এ সময় ইমাম পুনরায় মসজিদ ত্যাগ করার কথা বললে তাবলিগের লোকজন পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলামকে বিষয়টি জানান। এ ঘটনায় এসপি পুলিশ পাঠিয়ে আলী আকবরকে আটক করান। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে একজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন।