নরসিংদীর প্রতিমার চাহিদা দেশজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর প্রতিমা শিল্পমণ্ডিত হওয়ায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় এর চাহিদা বাড়ছে। আসন্ন দুর্গোৎসব সামনে রেখে প্রায় ৩৫০টি প্রতিমা তৈরি করছেন নরসিংদীর মৃৎশিল্পীরা। এসব প্রতিমার বাজারদর প্রায় পৌনে দুই কোটি টাকা।
১৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব।
কয়েকজন মৃৎশিল্পী ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মৃৎশিল্পীরা সারা বছরই পূজা ভেদে বিভিন্ন দেবতার প্রতিমা তৈরি করেন। দুর্গাপূজায় তাঁদের ব্যস্ততা বেড়ে যায় বহু গুণ। কারণ এ উৎসবে হিন্দু অধ্যুষিত প্রতিটি পাড়া-মহল্লায় এ পূজার আয়োজন করা হয়। আগে মৃৎশিল্পীরা তাঁদের বসতবাড়িতে প্রতিমা তৈরি করতেন। আশির দশকে নরসিংদীর পাঁচদোনা গ্রামের মৃৎশিল্পী বলরাম পালের হাত ধরে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। অন্য জেলার চেয়ে নরসিংদীর মৃৎশিল্পীদের প্রতিমা গঠন ও কারুকার্যে নজরকাড়া। তাই ঢাকাসহ বিভিন্ন জেলায় বাড়তে থাকে নরসিংদীর প্রতিমার কদর। বলরাম পালের ব্যবসায়িক সাফল্যে নব্বইয়ের দশকে জেলায় দ্রুত প্রসার ঘটে এ শিল্পের। নরসিংদীতে বর্তমানে ১৮টি প্রতিমা শিল্পালয় গড়ে উঠেছে। এর মধ্যে শহরে ছয়টি, সদর উপজেলার পাঁচদোনায় চারটি, শিবপুরের যোশরে তিনটি, পলাশে দুটি, রায়পুরায় দুটি ও মনোহরদীতে একটি প্রতিমা শিল্পালয় রয়েছে। এতে প্রায় দেড় শতাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। পাশাপাশি ভারত থেকেও মৃৎশিল্পীরা চুক্তিতে এসব প্রতিমা শিল্পালয়ে কাজ করছেন। এ বছর নরসিংদীর বিভিন্ন কারখানায় ও ব্যক্তিগতভাবে প্রায় ৩৫০টি প্রতিমা তৈরি হয়েছে। আকার ও গঠনভেদে ৩০ থেকে ৭০ হাজার টাকায় এসব প্রতিমার কার্যাদেশ নেওয়া হয়েছে।
পাঁচদোনা বাজারের শ্রীশ্রী বাবা লোকনাথ প্রতিমা শিল্পালয়ের মালিক বলরাম পাল বলেন, এ বছর আমার তৈরি প্রতিমা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে যাচ্ছে।
শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসুদেব প্রতিমা শিল্পালয়ের মালিক বাসুদেব পাল বলেন, প্রতিবছর দুর্গাপূজার বাজেট বাড়লেও পূজার উদ্যোক্তারা প্রতিমার বাড়তি দাম দিতে চাচ্ছেন না। তাই ব্যবসা টিকিয়ে রাখতে প্রতিমা তৈরি করলেও আমাদের কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না। মৃৎশিল্পী নিখিল চন্দ্র পাল বলেন, ‘আমাদের কাজটা মৌসুমিকেন্দ্রিক। প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতনে তিন মাসের জন্য চুক্তিতে কাজ করছি।’
প্রতিমা শিল্পালয়গুলো ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। মৃৎশিল্পীরা এখন দুর্গা দেবীকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে রং-তুলির আঁচড় দিতে পুরোদমে ব্যস্ত।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা বলেন, এবার নরসিংদীর ৩১৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মানে ভালো ও দামে কম হওয়ায় নরসিংদীর প্রতিমার চাহিদা দেশজুড়ে।