নরসিংদীর মেঘনা নদীতে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মেঘনা নদীতে গতকাল শনিবার বিকেলে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের নলবাটা থেকে পৌর এলাকার ইউএমসি জুট মিলের ঘাট পর্যন্ত মেঘনা নদীতে এ প্রতিযোগিতার হয়। নরসিংদী শেরে বাংলা ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় ৩০টি নৌকা অংশ নেয়। বেসরকারি মুঠোফোন কোম্পানি রবি নৌকাবাইচ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে।নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, কিশোরগঞ্জসহ ১৩ জেলার ৩০টি মাঝিনৌকাসহ তাদের দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। নরসিংদী শেরে বাংলা ক্লাবের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি এস এ হাদী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ন ম রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান প্রমুখ।প্রতিযোগিতা উপলক্ষে নৌকাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়। নরসিংদীর বিভিন্ন উপজেলা ও অন্যান্য জেলা থেকে নৌকাবাইচ দেখতে মেঘনা নদীর পাড়ের নরসিংদী শহর রক্ষা বাঁধের তিন কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার মানুষ ভিড় করে।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জসিম উদ্দিন ভূঁইয়ার দল প্রতিযোগিতায় প্রথম হয়ে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন জিতে নেয়। একই উপজেলার মফিজ মিয়ার দল দ্বিতীয় হয়ে জিতে নেয় ১৭ ইঞ্চি টেলিভিশন ও ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার বারোভূঁইয়া ফকরুদ্দিনের দল পুরস্কার পায় ১৪ ইঞ্চি টেলিভিশন। নৌকাবাইচের অন্যান্য দল সান্ত্বনা পুরস্কার হিসেবে পায় পাঁচ হাজার করে টাকা।