নরসিংদীর শিশু হাসিবুর হত্যায় পাঁচজনের ফাঁসি
নরসিংদীতে স্কুলশিক্ষার্থী হাসিবুর রহমান ওরফে অয়ন (৬) হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ রায় দেন।
শিশু হাসিবুর নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা এলাকার সোহরাব হোসেনের ছেলে। সে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নরসিংদী সদর উপজেলার বদরপুর এলাকার ইয়াছিন খানের ছেলে সজীব খান (২২), হজরত আলীর ছেলে ইমরান মিয়া (২০), আফতাব উদ্দিন ভূঁইয়ার ছেলে শামীম ওসমান (১৯), রুহুল আমিন মিয়ার ছেলে রুবেল মিয়া (১৮) ও খোরশেদ আলমের ছেলে শাকিল মিয়া (১৮)। তাঁদের মধ্যে শাকিল পলাতক রয়েছেন।
তিন বছর ধরে মামলার তদন্ত ও বিচারকাজে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থ আদায় করে জেলা ম্যাজিস্ট্রেটকে ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে মামলার বাদী ও শিশুর বাবা সোহরাব হোসেনকে তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
রায় ঘোষণার পর আদালতের বারান্দায় সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, আসামিরা তাঁর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চেয়েছিলেন। তিনি টাকা দিতে রাজিও হয়েছিলেন। কিন্তু তাঁরা মুক্তিপণ পাওয়ার আগেই অয়নকে মেরে ফেলেন। সোহরাব হোসেন বলেন, মুক্তিপণটা ছিল শুধুই নাটক। আদালতের রায়ে অয়নের নিষ্পাপ আত্মা শান্তি পাবে। অবিলম্বে এ রায় কার্যকর করার দাবি জানান তিনি।
বাদীপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর রীনা দেবনাথ প্রথম আলোকে বলেন, রায় ঘোষণাকালে আদালতে চার আসামি উপস্থিত ছিলেন। একজন পলাতক। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আগামী সাত কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।
২০১৩ সালের ২৬ মে সদর উপজেলার পূর্ব ভেলানগর এলাকার ভাড়া বাসার সামনে খেলতে গিয়ে হাসিবুর নিখোঁজ হয়। পরদিন রাতে শিশুটির পরিবারের কাছে মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুঠোফোনের সূত্র ধরে ২৮ মে চারজনকে আটক করা হলে তাঁদের তথ্য অনুযায়ী পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় শহীদ ময়েজউদ্দিন সেতুর নিচ থেকে পুলিশ শিশুটির বাক্সবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে।