নরসিংদীর স্কুলছাত্রকে অপহরণের পর ব্রাহ্মণবাড়িয়ায় খুন
নরসিংদীর মাধবদী পৌর শহরের এসপি ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সোহাগের লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারত সীমান্তবর্তী ছতুরপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলমগীর হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। আলমগীর স্বীকার করেন অপহরণের পর মুক্তিপণ না পেয়ে সোহাগকে খুন করা হয়েছে।সোহাগ (১৪) নরসিংদীর মৌসুমি ডাইয়িংয়ের মালিক জাকির হোসেনের একমাত্র ছেলে। সোহাগের চাচা শামসুল হক জানান, ছতুরপুর গ্রামের হাফিজ উদ্দিনের দুই ছেলে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর মাধবদীতে তাঁদের বাড়ির কাছে একটি সেলুন চালান। এই সুবাদে আলমগীরের সঙ্গে সোহাগের সুসম্পর্ক গড়ে ওঠে। সীমান্ত এলাকা দেখানোর কথা বলে আলমগীর প্রায়ই সোহাগকে তাঁদের বাড়িতে নিয়ে যেতে চাইতেন। গত শনিবার সোহাগ তার মাকে জানায়, সে আলমগীরদের বাড়িতে যেতে চায়। কিন্তু তার মা অসম্মতি জানান। পরে খেলা দেখার কথা বলে ঘর থেকে বের হয়ে যায় সোহাগ। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি। পরদিন জাহাঙ্গীর তাঁদের কাছে আলমগীরের খোঁজ নিতে আসেন। এ সময় তাঁদের সন্দেহ হয়। ওই দিনই তাঁদের লোকজন ছতুরপুর গ্রামে যান। আলমগীরের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। কিন্তু এলাকাবাসী জানায়, তাঁরা আলমগীরের সঙ্গে একটি ছেলেকে দেখেছে। এই অবস্থায় সোহাগকে খুঁজে বের করতে ওই এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তা চান তাঁরা। ছতুরপুর গ্রামের এক ব্যক্তি আলমগীরকে ফেনীর একটি সেলুনে কাজ করতে দেখে জনপ্রতিনিধিদের জানান। গত বুধবার আলমগীরকে আটক করে ফেনী থানার পুলিশ। এরপর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকালে সোহাগের লাশ উদ্ধার করা হয়েছে।আলমগীর পুলিশকে জানান, মাধবদীর একটি সেলুনে কাজ করত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোলাপদি গ্রামের শম্ভু। শনিবার শম্ভু আর তিনি সোহাগকে নিয়ে তাঁদের বাড়িতে আসেন। এরপর প্রতিবেশী মনিরের পরামর্শে সোহাগকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তাঁরা। রোববার রাতে সোহাগকে মনিরের বাড়িতে নিয়ে বাবার কাছে ফোন করে ২০ লাখ টাকা আনার কথা বলার জন্য তাকে চাপ দেওয়া হয়। কিন্তু অনেক চেষ্টা করেও সোহাগকে রাজি করাতে না পেরে তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। মনিরের ঘরে ওই রাতে সোহাগকে ছুরিকাঘাত করে মারার পর বাড়ির শৌচাগারের ট্যাংকির ভেতর লাশ রাখা হয়। পরদিন লাশ দূরে একটি বাঁশবাগানে ফেলে দেওয়া হয়। নরসিংদীর মাধবদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কে এম আজিজ জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোহাগের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।গতকাল সকালে সোহাগের বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র ছেলেকে হারিয়ে বাবা জাকির হোসেন ও মা লিপি বেগম অচেতন পড়ে আছেন। বড় বোন মৌসুমী আক্তার ও ছোট বোন প্রিয়া কাঁদছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।