নরসিংদীর ৭ গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের সাতটি গ্রামে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাকাব্বীর আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নরসিংদী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে হাজীপুর এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় বড়বাড়ি মসজিদের সামনে গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ থেকে ৩/২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ দিয়ে গ্যাসের অবৈধ সংযোগ স্থাপন করা হয়। পরে বদরপুর, হাজীপুর, চর হাজীপুর, হোসেনপুর, খাসেরচর, দড়িপাড়া, কান্দাপাড়া গ্রামের প্রায় সাত হাজার বাড়ির প্রতিটি থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে অবৈধ সংযোগ দেওয়া হয়।
এরপর থেকে সংযোগদানকারী ব্যক্তিরা প্রতি মাসে ৪০০ থেকে ৬০০ টাকা করে বিল নিচ্ছেন। এ ঘটনায় সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে তিতাসের নরসিংদী আঞ্চলিক কার্যালয়। জেলা প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সদরের ইউএনও অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় তিতাসের নরসিংদী কার্যালয়ে ব্যবস্থাপক তৌহিদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিতাসের নরসিংদী কার্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, ‘হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউসুফ খান এসব অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছেন। এ জন্য গ্রাহকপ্রতি ৩০-৪০ হাজার টাকা নেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ইউসুফ খান বলেন, ‘আমি অবৈধ গ্যাস-সংযোগ দিতে যাব কেন? আর একজন জনপ্রতিনিধি হয়ে কি এই অবৈধ সংযোগ দেওয়া যায়? যে যার মতো করে সংযোগ নিয়েছে। তবে এটা সত্য, আমি তাদের বাধা দিইনি।’