নরসিমা বাংলাদেশ সফর করেননি যে কারণে
ফারাক্কা বাঁধ ইস্যু নিয়ে ‘বিব্রতকর পরিস্থিতি’ এড়াতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও কখনোই দ্বিপক্ষীয় সরকারি সফরে বাংলাদেশে আসেননি। কেননা, এ বিষয়ে তাঁর কাছে সমাধানের কোনো প্রস্তাব ছিল না।ভারতের সাবেক পররাষ্ট্রসচিব মুচকুন্দ দুবে তাঁর লেখা একটি বইয়ে এ কথা বলেছেন। বইটির নাম ইন্ডিয়াস ফরেন পলিসি: কোপিং উইথ দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড। দুবে ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্বও পালন করেন।শিগগিরই প্রকাশিত হতে যাওয়া বইটিতে মুচকুন্দ বলেন, বাংলাদেশে নরসিমার আনুষ্ঠানিক সরকারি সফর প্রথমে স্থগিত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে তিনি আর সরকারি সফরে বাংলাদেশ যাননি।বইটিতে বলা হয়, নরসিমা নিজের সিদ্ধান্তেই বাংলাদেশ সফর করেননি। কারণ, তাঁর বাংলাদেশ সফরের সময় ফারাক্কায় পানি বণ্টনের বিষয়টি তুলত ঢাকা। কিন্তু এ বিষয়ে তাঁর কাছে কোনো সমাধান ছিল না। তাই বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতি এড়াতেই তিনি বাংলাদেশে যাননি। মুচকুন্দ বলেন, ‘নরসিমার বাংলাদেশ সফর না করার সিদ্ধান্ত “অনেকটা অযৌক্তিক”। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মাঝেমধ্যে আমাদের কঠিন সময় যায়। তাই বলে চুক্তি ও আলোচনা স্থগিতের ক্ষেত্রে এটা কোনো যৌক্তিক অজুহাত হতে পারে না। অথচ চুক্তি ও আলোচনা পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ দূর এবং দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের ভিত্তি তৈরি করে।’মুচকুন্দ বলেন, আলোচনা স্থগিত করার ক্ষেত্রে কূটনৈতিক কোনো কৌশল থাকলেও তা কখনো পরিষ্কার করা হয়নি। অতএব এর মধ্য দিয়ে ভারতের অযৌক্তিক ও কর্তৃত্বপূর্ণ আচরণের দৃষ্টান্ত স্থাপন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য সাধিত হয়নি। গঙ্গার পানি বণ্টন এবং ফারাক্কা বাঁধ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে সম্পর্কে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে ১৯৯৬ সালে পানি বণ্টন চুক্তির পর থেকে সেই শীতল সম্পর্ক উষ্ণ হতে থাকে।দ্বিপক্ষীয় সরকারি সফরে না এলেও সার্ক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরসিমা ১৯৯৪ সালে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা সফর করেন। পিটিআই।