নরসুন্দা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের বুক চিরে প্রবাহিত নরসুন্দা নদ দখলমুক্ত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই নদ খনন করে কিশোরগঞ্জ শহরকে লেক সিটিতে পরিণত করার দাবি জানানো হয়েছে। এসব দাবি জানিয়ে গত শুক্রবার শহরের গৌরাঙ্গবাজার সেতুতে মানববন্ধন করা হয়।কিশোরগঞ্জ ‘পরিবেশ রক্ষা মঞ্চের’ (পরম) উদ্যোগে বেলা ১১টায় আয়োজিত এ মানববন্ধনে শহরের কয়েকটি ওয়ার্ডের লোকজনসহ ১০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েক শ নারী ও পুরুষ অংশ নেন। মানববন্ধনে পরমের আহ্বায়ক শরীফ সাদী, মানসুরা জামান, মাজহারুল ইসলাম, ইব্রাহীম খলিল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রভাবশালীরা ভরাট করে দখল করায় নরসুন্দা নদ কিশোরগঞ্জের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। ৫৮ কিলোমিটার দীর্ঘ এই নদের ৩০ একর জমি ইতিমধ্যে দখল হয়ে গেছে। বক্তারা আরও বলেন, অবিলম্বে নরসুন্দা দখলমুক্ত করে খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে কিশোরগঞ্জ শহরকে লেক সিটিতে পরিণত করতে হবে।পরে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে মিছিলে অংশ নেওয়া লোকজন নরসুন্দা নদের গুরুদয়াল সরকারি কলেজ অংশে গিয়ে প্রতীকী নদ খনন কর্মসূচি পালন করেন।