নরসুন্দা নদীতে সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় নরসুন্দা নদীতে সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তাঁরা কিশোরগঞ্জ-চামটা সড়ক অবরোধ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
কিশোরগঞ্জবাসীর ব্যানারে ওই কর্মসূচি চলাকালে অবরোধকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখেন এবং টায়ার জ্বালিয়ে রাখেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শোলাকিয়া এলাকায় নরসুন্দা নদীর ওপর পাকা সেতু না থাকায় প্রতিবছর শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত পড়তে আসা বিপুলসংখ্যক মুসল্লিকে চরম বিড়ম্বনায় পড়তে হয়। পাশাপাশি সেতু না থাকায় শহরের একরামপুর এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জবাসী নরসুন্দা নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকেও চার দফায় দরপত্র আহ্বান, ঠিকাদার নিয়োগ এবং কার্যাদেশ দেওয়া হলেও প্রভাবশালী অবৈধ দখলদারদের বাধার কারণে শেষ পর্যন্ত সেতুটি নির্মাণ করা হয়নি।
অবরোধ কর্মসূচিতে সব শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল হাই, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাঈল মিয়া, কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, যুবলীগ নেতা ইব্রাহীম খলিল প্রমুখ।
কর্মসূচি থেকে বক্তারা সেতু নির্মাণের জন্য আগামী সাত দিনের মধ্যে পুনঃ দরপত্র আহ্বান করার জন্য সময় বেঁধে (আল্টিমেটাম) দেন। অন্যথায় হরতাল-অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করার হুমকি দেন তাঁরা। পরে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম কাঞ্চন ভূঁইয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।