নরসুন্দা নদীর পাড় যেন ময়লার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর পাড়ে সাইনবোর্ড। তাতে কয়েকটি নির্দেশনা লেখা। এর মধ্যে একটি হলো—নরসুন্দা নদীতে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। এই সাইনবোর্ডের নিচেই ময়লা ফেলে নদীটিকে ভাগাড়ে পরিণত করা হয়েছে। এ অবস্থা কিশোরগঞ্জের নরসুন্দা নদীর।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের ২২ নভেম্বর নরসুন্দা নদী পুনর্বাসন ও কিশোরগঞ্জ পৌরসভাসংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। দুই দফায় এর জন্য চার বছর আগে ১১০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর অধীনে প্রায় ৮ কোটি টাকায় নরসুন্দা নদীর সৌন্দর্যবর্ধন ও পাড় ধরে জনসাধারণের হাঁটার জন্য আট কিলোমিটার দীর্ঘ ‘লেক ওয়ে’ নির্মাণ করা হয়।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ওই লেক ওয়ের বড় বাজারপ্রান্তে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। তাতে লেখা—আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সুন্দর জীবনযাপনের স্বার্থে নরসুন্দাকে বাঁচিয়ে রাখুন। তাতে লেখা নির্দেশনার মধ্যে রয়েছে—আপনার শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, নদীতে জবাইখানার বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন ইত্যাদি। এই সাইনবোর্ডের নিচেই লেক ওয়ের প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে ফেলা হয়েছে ময়লা।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মওলা গতকাল বলেন, গত বছরের ২২ ডিসেম্বর প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েছে। তবে এখনো এর শেষ দফা কাজ চলছে। লেকপাড় ময়লামুক্ত রাখার দায়িত্ব পৌরসভার।

পৌরবাসী সূত্র জানায়, কিশোরগঞ্জ শহরের বড় বাজার থেকে গৌরাঙ্গবাজার সেতু পর্যন্ত লেক ওয়েটি প্রায় এক কিলোমিটার। এক বছর ধরে বড় বাজারের সব ময়লা-আবর্জনা ও জবাই করা পশুর বর্জ্য এখানে ফেলা শুরু হয়। এর দুর্গন্ধে দুর্বিষহ জীবন পার করছে আশপাশের বাসিন্দারা। এ কারণে নাক চেপে ধরে হাজার হাজার মানুষকে চলাচল করতে হচ্ছে। কোনো দর্শনার্থী একবার এখানে এলে দ্বিতীয়বার আর আসেন না।

করিমগঞ্জ উপজেলা থেকে বেড়াতে আসা তাজুল ইসলাম নামের একজন শিক্ষক বলেন, ‘ছুটির দিনে নরসুন্দার পাড়ে বেড়াতে এসেছিলাম। কিন্তু দুর্বিষহ দুর্গন্ধে আমার পেট ফুলে গেছে। আর কোনো দিন এখানে বেড়াতে আসব না।’

জেলা শহরের শোলাকিয়া এলাকার ফারহানা রহমান বলেন, কোটি টাকা ব্যয় করে নাকি এ লেক ওয়ে নির্মাণ করা হয়েছে। অথচ কর্তৃপক্ষ যেন নীরব দর্শক।

সরেজমিনে আরও দেখা যায়, বাজারের সব ধরনের ময়লার পলিথিন, পচা কাঁচা মালসহ জবাই করা পশুর বর্জ্য সড়ক উপচে নদীতে গিয়ে পড়েছে। কোথাও কোথাও হাঁটার জন্য এক ফুট পরিমাণ জায়গাও খালি নেই। সাইনবোর্ডের নিচে ময়লার স্তূপ সবচেয়ে বেশি। ভাগাড়ে কাক-কুকুর ও গরু-ছাগল বিচরণ করছে।

বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণি বলেন, প্রতিদিন ব্যবসায়ীরা তাঁদের ময়লা এক জায়গায় স্তূপ করে রাখেন। কিন্তু পৌরসভার গাড়ি ঠিক সময়ে না আসায় অন্য কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে তাঁরা আবর্জনা নরসুন্দার ওয়াকওয়ের ওপর ফেলে রাখছেন। এতে জনদুর্ভোগ হচ্ছে।

পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, বারবার বড় বাজারের ব্যবসায়ীদের ময়লা-আবর্জনা না ফেলার জন্য বলা হলেও তাঁরা কর্ণপাতই করছেন না। তাঁদের একটু ধৈর্য সয় না। গাড়ি যাওয়ার আগেই তাঁরা সব ময়লা এনে নরসুন্দার পাড়ে ফেলে রাখেন। তবে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মাসউদ প্রথম আলোকে বলেন, নরসুন্দার ওয়াকওয়ের ওপর ময়লা ফেলা মানা হবে না। অচিরেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।