নরসুন্দা লেকসিটির কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ‘নরসুন্দা নদী খনন ও শোভা বর্ধন (লেকসিটি) নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ৬৩ কোটি টাকার প্রকল্পের নদী খননের বেশির ভাগ কাজ শেষ হলেও প্রভাবশালী ব্যক্তিদের বাধার মুখে শহরে শোভা বর্ধন সেতু নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত মরা নরসুন্দা নদীকে অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষা করে নদীর পানিপ্রবাহ সৃষ্টির লক্ষ্যে নদী খনন ও শোভা বর্ধন তথা লেকসিটি প্রকল্প হাতে নেওয়া হয়। ৬৩ কোটি টাকার মধ্যে ৩৩ দশমিক ৭০ কিলোমিটার নদী খননে ব্যয় ধরা হয় ১৭ কোটি টাকা। বাকি ৪৬ কোটি টাকা অর্থ শহর অংশে চারটি সেতু নির্মাণ, চারটি ঘাট স্থাপন ও নদীর দুই পারে সড়ক নির্মাণের জন্য বরাদ্দ ছিল। নদী খননের প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি আছে নদীর পাড় নির্মাণকাজ। শহর অংশে নদীর পাড়ে প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনা থাকায় তাদের চাপে শহর অংশের কাজ বন্ধ হয়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, শহরের বত্রিশ এলাকায় সাড়ে তিন কোটি টাকার শোভা বর্ধন সেতুর অ্যাপার্টমেন্ট ও দুটি পায়ার বোয়িং কাজ করা হয়েছে মাত্র। এখন নির্মাণকাজ বন্ধ। নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চ্যালেঞ্জার ২৭ মে কার্যাদেশ পায়। প্রতিষ্ঠানের মালিক গৌতম সরকার বলেন, ‘কার্যাদেশ পাওয়ার পর যথারীতি কাজ শুরু করি। পরে অবৈধ দখলদার রিয়াজ উদ্দিন, আবদুল আউয়াল ও তাঁদের লোকেরা কাজ বন্ধ করে দেন। আমরা কাজ করতে এসেছি, মারামারি করতে নয়।’ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা সেতুর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। যেকোনো মূল্যে প্রশাসনকে প্রকল্পটি বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নিতে হবে। রিয়াজ অবশ্য দাবি করেন, বত্রিশ এলাকার এই জায়গায় বাপ-দাদার আমল থেকে তাঁরা আছেন। এখন তাঁদের জায়গার ওপর তার দিয়ে সেতু নির্মাণ করা হচ্ছে। তাঁরা তাঁদের জায়গার ওপর দিয়ে তিনি সেতু করতে দেবেন না। আবদুল আউয়াল দাবি করেন, সেতু এলাকার জায়গা তাঁদের কেনা সম্পত্তি। নদী ও নদীর পাড়ে তিনি কীভাবে জমি কিনলেন, এমন প্রশ্নে তিনি চুপ থাকেন।প্রকৌশলীরা জানান, শহর অংশে প্রভাবশালী ও ভূমিদস্যুরা নদী দখল করে স্থাপনা নির্মাণ করায় নদীর দুই পাড়ে সড়ক নির্মাণের কাজও বন্ধ হয়ে আছে। একরামপুর সেতুর ডান পাশের বিশাল ভবন, বড় বাজার এলাকায় কয়েকটি ইমারত, গৌরাঙ্গ বাজার থেকে আখড়া বাজার পর্যন্ত ২০টি ভবন না ভাঙা গেলে মূল প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না।প্রকল্প পরিচালক মো. আবদুস সালাম জানান, শহর অংশে দুই পাড়ে সড়ক নির্মাণ করতে হলে একরামপুর সেতুসংলগ্ন মা ও শিশু ক্লিনিকের ভবন, পুরোনো থানা, বড় বজার, গৌরাঙ্গ বাজার ও স্টেশন সড়কে মালিক সমিতির ভবনসহ কিছু স্থাপনা ভাঙতে হবে। কিশোরগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী গৌতম প্রসাদ সিংহ জানান, শহর অংশে প্রভাবশালী ব্যক্তিদের বাধার কারণে কাজটি বন্ধ আছে। পৌর কর্তৃপক্ষ ও প্রশাসন ব্যবস্থা নিলে ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা যেত।এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করেন, প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ কঠোর ভূমিকা না নেওয়ায় প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) সভাপতি শরীফ সাদী বলেন, প্রভাবশালী ব্যক্তিরা কোটি কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে। সম্মিলিত উদ্যোগে নিয়ে দখলদারদের উৎখাত করতে না পারলে প্রকল্পটি আলোর মুখ দেখবে না। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করা হবে। তবে পৌর কর্তৃপক্ষকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করতে হবে।