নরসুন্দায় দখলের উৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদীতে ভরাট ও দখলের উৎসব চলছে। গত কয়েক দিনে নদীর শহরের অংশের দুই তীরের প্রায় পাঁচ একর ভূমি দখল করে নিয়েছেন প্রভাবশালী ভূমিদস্যুরা।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নরসুন্দার অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানো হয়। সে সময় কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রভাবশালী ব্যক্তিরা নতুন করে দখল শুরু করে দিয়েছেন। দখলের মহোৎসব দেখে ক্ষুব্ধ কিশোরগঞ্জের সচেতন মানুষ।ব্রহ্মপুত্রের শাখা নদী নরসুন্দা হোসেনপুর উপজেলা থেকে শুরু হয়ে কিশোরগঞ্জের ভেতর দিয়ে জেলার পূর্বদিকে ইটনার চৌগঙ্গায় ধনু নদে গিয়ে মিশেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫৮ কিলোমিটার দীর্ঘ এই নদীর প্রায় ৩০ একর জমি ইতিমধ্যে দখল হয়ে গেছে।কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজারে জ্ঞানদা সুন্দরী ব্রিজ, স্টেশন সড়ক, ঈশা খাঁ সড়ক, বড়বাজার, বত্রিশ, মণিপুরি ঘাট, একরামপুর, বয়লা, পাগলা মসজিদ, গুরুদয়াল কলেজ, আখড়া বাজার এলাকার কিছু বাসিন্দা মাটি ভরাট করে নদীটি ধীরে ধীরে দখল করে নিচ্ছেন। মৃতপ্রায় নরসুন্দায় গড়ে তোলা হয়েছে দোকানপাট, ঘরবাড়ি। পৌর এলাকার পূর্বদিকে নরসুন্দায় বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে দুটি পুকুর। দখলের কারণে শহরের বড়বাজার কাটাখালের কাছে মণিপুরি ঘাট, হারুয়ার পাগলা মসজিদসংলগ্ন এলাকা, পুরান থানা, একরামপুর, বয়লাসহ বিভিন্ন স্থানে নদীর চিহ্ন প্রায় মুছে যাচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশীমোহন সরকার প্রথম আলোকে জানান, করিমগঞ্জের চামড়া নৌবন্দর থেকে পাকুন্দিয়ার মির্জাপুর পর্যন্ত ৫৮ কিলোমিটার নদী খনন, নাব্যতা ফিরিয়ে আনাসহ বিভিন্ন কাজের জন্য প্রায় ১০০ কোটি টাকার একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর তা অনুমোদিত হয়েছে। বর্তমানে তা একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নরসুন্দায় দখলবাজি বন্ধের দাবিতে গতকাল রোববার শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম)। কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেয়।রংমহল সিনেমা হল চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পরমের আহ্বায়ক শরীফ আহমেদ সাদী, সিপিবির নেতা রাফিউল ইসলাম, আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ, নারী নেত্রী সানজিদা তাবাসসুম, ছাত্রদলের নেতা ফয়েজ উল্লাহ, পরমের সদস্য-সচিব সোহেল আহমেদ প্রমুখ।সমাবেশে শরীফ আহমেদ সাদী বলেন, কয়েক দিন ধরে দখলের মহোৎসব চলছে। ভুয়া দলিল তৈরি করে গত কয়েক দিনে নরসুন্দার শহর অংশের অনেক জায়গা ভরাট করে ফেলেছেন ভূমিদস্যুরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।পরে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, অবৈধ দখল ও মাটি ভরাটের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। অবিলম্বে অবৈধ স্থাপনা চিহ্নিত করে তা উচ্ছেদ করা হবে।