নরিসংদীতে ভোটকেন্দ্রের বাইরে পিস্তলসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী এম এ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন সেকান্দরদী দক্ষিণপাড়া এলাকার আবু তাহেরের ছেলে শরীফুল ইসলাম (২৭) ও নান্নু মিয়ার ছেলে এনামুল হক (২২)। তাঁরা দুজন আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমর্থক সৈয়দ জাবেদ হোসেনের সমর্থক বলে জানা গেছে।

সৈয়দ জাবেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। আমার কোনো সমর্থক পিস্তল নিয়ে ঘোরে না। যারা ধরা পড়েছে, তারা আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম ব্যবহার করেছে।’

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফিরোজ আহম্মেদ মুন্সী প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্রের বাইরে ওই দুজনের গতিবিধি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পলাশ থানায় অস্ত্র আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সৈয়দ জাবেদ হোসেনের সমর্থক হিসেবে দাবি করেছে।