নরেন্দ্র মোদিকে লেখা শেখ হাসিনার চিঠি 'হাস্যকর': ফখরুল
ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেন, এই চিঠির মাধ্যমে শেখ হাসিনা দেশের মানুষের কাছে এবং বিদেশেও হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছেন।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল ইসলামসহ সব নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ সভা হয়।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা চিঠিতে বলেছেন, নরেন্দ্র মোদি নিরঙ্কুশ জনসমর্থন পেয়েছেন। বাংলাদেশে যে সরকারটি ক্ষমতায় আছে, তারাও জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছে। জনগণের সমর্থন পাওয়া দুই দেশের সরকার একসঙ্গে আগামী দিনগুলোতে কাজ করবে। শেখ হাসিনা এ কথা বলে হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছেন। কেননা, সবাই জানে, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। একটি একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।