নর্তকীর নামে আম, ঝংকার তুলেছে উৎপাদনে
কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় এক লেখায় জানিয়েছেন, ভারতে এই আমের নামকরণ হয়েছে প্রাচীন ভারতের বৈশালী রাজ্যে বিখ্যাত নর্তকী আম্রপালির নামে।
হিমসাগর, ল্যাংড়া, ফজলি—স্বাদ আর জনপ্রিয়তায় এই তিন আমের তুলনা নেই। তবে কয়েক বছর ধরে জনপ্রিয় এই আমগুলোকে টেক্কা দিচ্ছে আম্রপালি। উৎপাদনে সবাইকে ছাড়িয়ে গেছে জাতটি। বাংলাদেশে উৎপাদিত প্রতি চারটি আমের একটি এখন আম্রপালি। সরকারি হিসাব নেই, তবে ব্যবসায়ী ও বাগানমালিকেরা বলছেন, দেশের বিভিন্ন জেলায় খুব দ্রুত ছড়িয়ে পড়ছে আম্রপালি।
আম্রপালি ভারতের দিল্লির কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত একটি জাত। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা ১৯৮৬ সালে এই জাতটি বাংলাদেশে নিয়ে আসেন। পরে বাংলাদেশের উপযোগী করে ১৯৯৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এই জাতটি কৃষকদের মাঝে ছাড়েন। পরিবর্তিত জাতটির নাম দেওয়া হয় বারি–৩।
কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় এক লেখায় জানিয়েছেন, ভারতে এই আমের নামকরণ হয়েছে প্রাচীন ভারতের বৈশালী রাজ্যে বিখ্যাত নর্তকী আম্রপালির নামে। ভারতীয় পত্রিকা দ্য ট্রিবিউন–এ প্রকাশিত এক লেখায় বলা হয়, আম্রপালির বাস ছিল বৈশালী প্রজাতন্ত্রে (বর্তমান বিহার) খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে। তাঁকে নর্তকী হতে বাধ্য করা হয়েছিল। কথিত আছে, বৈশালীর এক রাজকীয় বাগানে আমগাছের নিচে জন্মগ্রহণ করেন তিনি। এ জন্যই তাঁর নাম রাখা হয় আম্রপালি। তিনি ছিলেন অসাধারণ সুন্দরী। সবাই তাঁকে পেতে চাইতেন। এ নিয়ে ঘোরতর দ্বন্দ্ব তৈরি হয়েছিল। পরে রাষ্ট্রীয় নির্দেশে তাঁকে নর্তকী হতে হয়।
পুরাতন পালি গ্রন্থে আম্রপালির উল্লেখ আছে। আম্রপালির উদ্যানে তাঁর সঙ্গে অবস্থান করেছিলেন গৌতম বুদ্ধ। পরে তাঁর আদেশে উদ্যানটি দান করেছিলেন আম্রপালি এবং সেখানে বুদ্ধ তাঁর বিখ্যাত আম্বপালিকা সূত্র প্রচার করেছিলেন।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, আম্রপালির জনপ্রিয়তার কয়েকটি কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ হলো, এটি সব জেলায় চাষ করা যায়। এ ছাড়া এর স্বাদ ভালো থাকে।
পোকামাকড়ের আক্রমণ কম হয়। রোপণ করার এক বছরের মাথায় মুকুল ধরে। তিনি বলেন, এ জাতের আমের ফলন অনেক বেশি। অন্য যেকোনো আমের চেয়ে এর মিষ্টতা ও সুগন্ধ বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, এখন দেশে উৎপাদিত আমের ৩০ শতাংশ আম্রপালি বা বারি-৩ জাতের আম। এরপর রয়েছে হিমসাগর ২০ শতাংশ, আশ্বিনা ১০ শতাংশ, গোপালভোগ ৪ শতাংশ এবং গোবিন্দভোগ ও ফজলি ৩ শতাংশ। বাকি অন্যান্য জাতের আম। দেশে প্রায় ৮০০টির বেশি আমের জাত রয়েছে।
আম্রপালি আমের খোসা মসৃণ বা তেলতেলে, ছোট থেকে মাঝারি আকারের আম, পাকা আম হলুদাভ সবুজ, অগ্রভাগ কিছুটা সরু, শাঁস কমলা ও অনেক মিষ্টি। পাকা আম্রপালি আম বেশ কয়েক দিন ঘরে রাখা যায়।