নর্থ-ওয়েস্ট পাওয়ারের বিরুদ্ধে করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রাজশাহী ও রংপুর অঞ্চলকে নর্থ-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (নওজোপাডিকো) কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
গত ১ আগস্ট পিডিবি ও নওজোপাডিকোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে রাজশাহী ও রংপুর অঞ্চলের পিডিবিকে নর্থ-ওয়েস্ট পাওয়ারে কাছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হস্তান্তরের কথা বলা হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মোখলেছুর রহমান আকন্দ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বা বাণিজ্যিক কার্যক্রম, জনবল, সম্পদ (স্থাবর-অস্থাবর) এবং দায়-দেনা হস্তান্তরপূর্বক এ বিভাগকে অবহিত করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ নিয়ে বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা আব্দুল মান্নান ২৬ সেপ্টেম্বর রিটটি করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও শামীমা আক্তার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।