নর্থ বেঙ্গল চিনিকল শ্রমিক ইউনিয়নের আট দফা দাবি
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন মজুরি কমিশন ঘোষণাসহ আট দফা দাবিতে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেছে।দুপুর ১২টায় নর্থ বেঙ্গল চিনিকলের প্রশিক্ষণ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ওই চিনিকলের সিবিএর সাধারণ সম্পাদক আনোয়ার কামাল। এ সময় চিনিকলের সিবিএর সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, স্বপন পাল, আবদুল বাতেনসহ অন্যান্য শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের ৭ মার্চের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা কর্মসূচির অংশ হিসেবে অবিলম্বে মজুরি কমিশন ঘোষণা ও তা বাস্তবায়নসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ ব্যাপারে ২৮ মার্চ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হবে। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না করলে শ্রমিক ইউনিয়ন বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।