নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিল ও রাজশাহী চিনিকলের চলতি ২০১২-১৩ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম গত শুক্রবার বিকেলে শুরু হয়েছে। এর আগে অর্থসংকটের কারণে রাজশাহী চিনিকলে দুই দফা উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়। রাজশাহী চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহী চিনিকলে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং নয় হাজার ৪২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার এই চিনিকল চলবে ৮০ থেকে ৯০ দিন। তবে গত বছরের এক হাজার ৪৫০ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে।চিনিকলের ব্যবস্থাপক (প্রশাসন) পিয়ারুজ্জামান জানান, প্রাথমিকভাবে আখের দাম পরিশোধ করার মতো টাকা চিনিকলের রয়েছে, পরে যা হয় দেখা যাবে। মাঠে এখনো প্রায় চার লাখ মেট্রিক টন আখ রয়েছে, তা থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন চিনি পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। তবে গুড়ের দাম বেশি হওয়ার কারণে বেশির ভাগ চাষি আখ চিনিকলে না দিয়ে মাড়াই করছেন বলেও তিনি জানান।নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এখানে ১৫২ কর্মদিবসে দুই লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৮ হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে মিলের নিজস্ব কৃষি খামার এবং চিনিকল এলাকার চাষিদের কাছ থেকে চার লাখ ৯৮ হাজার মেট্রিক টন আখ পাওয়ার কথা। গত মৌসুমে এখানে এক লাখ ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে নয় হাজার ৮৭৪ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। কৃষকেরা মিলে আখ সরবরাহ না করায় মাত্র ৮০ কর্মদিবসে মাড়াই বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১৪ কোটি টাকা লোকসান হয়। এ ছাড়া গত মৌসুমে আট হাজার ৩৬০ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে। এগুলোর মূল্য প্রায় চার কোটি ১৮ লাখ টাকা। এই চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবর রহমান জানান, চিনিকল এলাকায় বর্তমানে সাত শতাধিক পাওয়ার ক্রাশারে প্রতিদিন প্রায় দুই হাজার মেট্রিক টন আখ মাড়াই করে গুড় তৈরি হচ্ছে, যা চিনিকলের (এক হাজার ৮০০ মেট্রিক টন) প্রতিদিনের মাড়াই ক্ষমতার চেয়েও বেশি। এ ছাড়া পাওয়ার ক্রাশারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পাওয়ার ক্রাশারে আখ মাড়াই অব্যাহত থাকলে এবারও আখের অভাবে নির্ধারিত সময়ের আগেই উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।