নর্থ সাউথ ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় নর্থ সাউথ ইউনিভাসির্টির আরেক শিক্ষার্থীকে আজ বুধবার ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সাদমান ইয়াসির মাহমুদ (২০)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন (বিবিএ) চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন।
ডিবি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যায় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল রাজধানীর ধানমণ্ডি এলাকার নর্থ রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। ব্লগার রাজীব হত্যা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, রাজীব হত্যার পর সাদমান গা ঢাকা দিয়েছিলেন। গোপনে তিনি মালিয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রিমাণ্ডে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যায় নেপথ্য আর কারা জড়িত আছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এডিসি মশিউর রহমান বলেন, রাজীব হত্যার সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির যে সাত শিক্ষার্থী উপস্থিত ছিলেন সাদমান তাদের মধ্যে অন্যতম। এর আগে গ্রেপ্তার হওয়া ওই বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী-ফয়সাল বিন নাঈম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান ওরফে অনিক (২৩), এহসান রেজা ওরফে রুম্মান (২৩), নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাদমানের নাম উল্লেখ করেছেন। বরগুনায় গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মুহাম্মদ জসীমউদ্দিনের রাহমানীকে মদদদাতা হিসেবে বলেছেন। তারা এখন কারাগারে আছেন।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাসার কাছে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে (৩৪) চাপাতি দিয়ে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করা হয়।