নর্থ সাউথ পড়ুয়া যুবক গাড়িসহ চট্টগ্রামে নিখোঁজ
দুদিন ধরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর খোঁজ মিলছে না। তাঁর ব্যক্তিগত গাড়ির চালকও নিখোঁজ রয়েছেন। গাড়িটিও পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ নর্থ সাউথের এই শিক্ষার্থীর নাম মো. জুনায়েদ হোসেন আকিব (২৫)। তাঁর গাড়িচালকের নাম মোহাম্মদ মোস্তফা (৩০)। ব্যক্তিগত গাড়ির নম্বর (চট্ট মেট্রো-গ ১১-৭২৭৯)। গাড়িসহ একসঙ্গে দুজন নিখোঁজ হওয়ার ঘটনায় জুনায়েদের ভগ্নিপতি ব্যাংক কর্মকর্তা এস এম আবুল মঞ্জুর গত সোমবার রাতে নগরের খুলশী থানায় জিডি করেছেন। তাঁর বাড়ি চট্টগ্রামের খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায়।
জুনায়েদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরের এপ্রিলে বিবিএ পাস করে চট্টগ্রামে চলে আসেন বলে তাঁর ভগ্নিপতি ও পুলিশ জানায়। এ বছরের ফেব্রুয়ারিতে তাঁর বাবা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চৌধুরী মারা যান। সাত বোন ও এক ভাইয়ের মধ্যে জুনায়েদ সবার ছোট। এর আগে সপ্তম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় জুনায়েদকে একবার অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে গতকাল রাতে মুঠোফোনে জানান তাঁর ভগ্নিপতি আবুল মঞ্জুর। তিনি প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কাজে সোমবার দুপুরে আগ্রাবাদ গিয়েছিলেন জুনায়েদ। ওয়াসার মোড়ে তাঁর বন্ধু রাব্বিকে নামিয়ে বাসায় ফিরছিলেন। পথে গরীবুল্লাহ শাহ মাজারের কাছে জুনায়েদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি এ বিবরণ শুনেছেন।
আবুল মঞ্জুর বলেন, তিনি শুনেছেন, সংঘর্ষে জুনায়েদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে অন্য গাড়িটি থেকে দুজন নেমে এসে জুনায়েদের সঙ্গে কথা বলেন। তাঁরা জুনায়েদের গাড়িটি মেরামত করে দেওয়ার আশ্বাস দেন। গ্যারেজে নেওয়ার কথা বলে ওই দুজন জুনায়েদের গাড়িতে উঠে খুলশীর দিকে যেতে থাকেন। এরপর থেকে জুনায়েদের সন্ধান পাওয়া যাচ্ছে না। গাড়িচালক মোস্তফা এবং গাড়িটিরও হদিস নেই।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, জুনায়েদ নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর ভগ্নিপতি সোমবার রাতেই জিডি করেন। তাঁর চালকসহ গাড়িটিরও হদিস নেই। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নগর গোয়েন্দা পুলিশ কাজ করছে।