নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রোচিং বাংলাদেশ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাপ্রোচিং বাংলাদেশ ট্রেনিং প্রোগ্রাম’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে ভার্চ্যুয়ালি উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশের ইতিহাস বিষয়ে আসিফ বিন আলীর সেশনের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এ প্রোগ্রামে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও জাতিসত্তার ওপর পাঁচটি সিরিজের অনলাইন কোর্স রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বিশিষ্ট বক্তারা মতামত দেন। এ সময় কনফুসিয়াস ইনস্টিটিউট নর্থ সাউথ ইউনিভার্সিটির চীনা পরিচালক ঝো ওয়েইওয়েই ‘অ্যাপ্রোচিং বাংলাদেশ ট্রেনিং প্রোগ্রাম’ সম্পর্কে বক্তব্য দেন। ইনস্টিটিউটের পরিচালক বুলবুল সিদ্দিকী প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে যুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে ইউনান ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট অফিসের পরিচালক উ ইউন বলেন, প্রোগ্রামটি বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী ব্যক্তিদের উপকৃত করবে।
সেই সঙ্গে এই কর্মসূচি চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার একটি বড় মাধ্যম হবে।
ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের সংস্কৃতি বিভাগের দ্বিতীয় সচিব মিস ল্যাং ল্যাং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনান ইউনিভার্সিটির সহযোগিতামূলক সম্পর্ককে প্রশংসনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ও চীন তাদের কূটনৈতিক এবং অন্যান্য সম্পর্ক দীর্ঘদিন ধরে রেখেছে, তাই এই ধরনের প্রচেষ্টা দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশে আসা চীনা শিক্ষকদের জন্য এই বিশেষ কর্মসূচি খুবই উপকারী হবে। ব্যবসায়ী ও আন্তসাংস্কৃতিক কর্মীরা অ্যাপ্রোচিং বাংলাদেশ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে আরও বুঝতে সক্ষম হবেন।
প্রশিক্ষণ কর্মসূচির রিসোর্স পারসন হারিসুর রহমান, ইশরাত জাকিয়া সুলতানা, আবদুল ওহাব, শাফায়াত নাজাম ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।