নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির প্রতিনিধিদল
জঙ্গি কর্মকাণ্ডে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও অনিয়মিত কয়েকজন শিক্ষার্থীর নাম আসায় ওই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চার সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রতিনিধিদলটি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করে।
প্রতিনিধিদলের একজন সদস্য বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কিছু তথ্য পেয়েছেন। বাকি তথ্য পরে দেওয়ার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, আর্থিকসহ এমন কিছু তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে চাওয়া হয়েছে, যা দেওয়ার জন্য পরিচালনা বোর্ডের অনুমতি নিতে হবে।
গতকাল সকাল থেকে ক্যাম্পাসের প্রবেশমুখে ছিল সাংবাদিকদের ভিড়। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়। সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একধরনের অস্বস্তি লক্ষ করা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, তাঁরা এসব ঘটনায় বিব্রত। এই ক্যাম্পাসে ছাত্রদের কেউ জঙ্গি থাকতে পারেন, এটা তাঁদের কাছে যেমন লজ্জার, তেমনি ২২ হাজার ছাত্রের জন্য সবাইকে সন্দেহের দৃষ্টিতে দেখাটাও দুঃখজনক। তাঁরা বলেন, জঙ্গি কেউ থাকলে তাঁদের চিহ্নিত করে ধরে নেওয়া হোক। কিন্তু যেভাবে আতঙ্ক ছড়ানো হয়েছে, তাতে এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হতে পারে।
গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা ইউজিসির প্রতিনিধিদলে ছিলেন কমিশনের দুই সদস্য দিল আফরোজা বেগম, শাহনেওয়াজ আলীসহ চারজন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামসহ জ্যেষ্ঠ অধ্যাপকেরা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কথা বলেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক জি ইউ আহসান প্রথম আলোকে বলেন, শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে ওঠা নর্থ সাউথের গৌরব ও সম্মান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। এই বিশ্ববিদ্যালয়ে কোনো উগ্রবাদী থাকবে না—এটা সবাই চান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রাখাটাও জরুরি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক মোস্তাফিজুর রহমানকে গত বুধবার বরখাস্ত করা হয়েছে। সন্দেহভাজন কয়েকজন শিক্ষক ও ছাত্রের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
১ জুলাই গুলশানে হামলাকারী যুবকদের মধ্যে নিবরাস ইসলাম ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক ছাত্র। শোলাকিয়ায় হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত আবির রহমান একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি চার মাস আগে নিখোঁজ হন বলে পরিবার জানিয়েছে।
গুলশানে উদ্ধার জিম্মিদের মধ্যে আবুল হাসনাত রেজা করিম ছিলেন নর্থ সাউথের সাবেক শিক্ষক। গুলশান ও শোলাকিয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিখোঁজ যে ১০ জন যুবকের তালিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে জুন্নুন শিকদার এবং বাসারুজ্জামানও নর্থ সাউথে পড়াশোনা করেছেন। সম্প্রতি এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়টি ঘিরে সমালোচনা হচ্ছে।