নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চলছে ক্লাব ফেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বসুন্ধরায় নিজ ক্যাম্পাসে এনএসইউ ক্লাব ফেয়ার ২০১৬ অনুষ্ঠানে বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ছবি: সাজিদ হোসেন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বসুন্ধরায় নিজ ক্যাম্পাসে এনএসইউ ক্লাব ফেয়ার ২০১৬ অনুষ্ঠানে বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ছবি: সাজিদ হোসেন

বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোকে নিয়ে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চলছে ক্লাব ফেয়ার নামে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ শনিবার সকাল ১০টায় এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। নাচ, গান, অভিনয়সহ নানা সাংস্কৃতিক কার্যক্রমে এই আয়োজন চলবে দিনব্যাপী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা ক্লাব ফেয়ারে যে আয়োজন করেছে, তা দেখে আমি মুগ্ধ। শিক্ষার্থীরা এই আয়োজনের মাধ্যমে তাদের চিন্তা চেতনার উদ্ভাবনী শক্তি দেখিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের এ বিশ্ববিদ্যালয় ২৫ বছর পার করতে যাচ্ছে। শিক্ষার্থীদের এ আয়োজন আমাকে আশান্বিত করেছে। এই আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়, আমাদের শিক্ষার্থীরা সব ক্ষেত্রে উন্নতি করছে।’

আয়োজকেরা জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ২০টি ক্লাব আছে। এই ক্লাবগুলো বছরে একটি বড় অনুষ্ঠান করে আর তিনটি ছোট ছোট অনুষ্ঠান করে। তাদের সার্বিক কাজের প্রতিফলন হয় ক্লাব ফেয়ারে। এখানে ক্লাবগুলো তাদের এক বছরের কার্যক্রম সবার সামনে তুলে ধরে।

ক্যাম্পাসে ঘুরে দেখা গেল, প্রতিটি ক্লাব আলাদা আলাদা স্টলে তাদের কার্যক্রম তুলে ধরছে। আর মঞ্চে শিক্ষার্থীরা নাচ, গান, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্য নাদিয়া হক জানালেন, তাঁদের ক্লাবে তিন শতাধিক সদস্য আছেন। তাঁরা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে সারা দেশের গরিব-দুঃখী মানুষের সেবা করে থাকেন। কিছুদিন আগেই তাঁরা সিরাজগঞ্জে গিয়ে ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এ বছর পাবনা ও কুড়িগ্রামে গিয়ে তিন হাজার গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।

তরুণ উদ্যোক্তা হওয়ার নানা জ্ঞান পাওয়া যাবে ইয়ং এন্টারপ্রেনারশিপ সোসাইটিতে। ক্লাবের সদস্য তানজিম আহমেদ জানালেন, এই ক্লাবের বয়স ২২ বছর। যাঁরা উদ্যোক্তা হতে আগ্রহী, তাঁরা এই ক্লাবের সদস্য। এখানে বিভিন্ন বিষয়ে পড়ছেন, এমন শিক্ষার্থীরা সদস্য হয়েছেন।

সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের সদস্যরা জানালেন, তাঁরা বিভিন্ন নাটক মঞ্চস্থ করেন। আজ তাঁরা শেক্‌সপিয়ারের ‘যোগ-বিয়োগ’ নাটকটি মঞ্চস্থ করেছেন। এই ক্লাবের সদস্য সংখ্যা ১০০।

নর্থ সাউথের অন্যতম পুরোনো একটি ক্লাব হচ্ছে সাংস্কৃতিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে তারা বাংলা গান, সিনেমাসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ক্লাবেও আছেন চার শতাধিক সদস্য।