নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষায় দক্ষতার প্রতিযোগিতা আজ
আজ বৃহস্পতিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের চীনা ভাষায় দক্ষতার প্রতিযোগিতা ‘চায়নিজ ব্রিজ’ সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। চীন সফরের সুযোগ পেতে দেশের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষায়তনের ২০ জন শিক্ষার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।সেমিফাইনালের বিজয়ী শিক্ষার্থীরা এক সপ্তাহের জন্য চীনের বিভিন্ন স্থানে ভ্রমণ করে দেশটির সমাজ-সংস্কৃতি সম্পর্কে নিজেদের জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন। সেই সঙ্গে ঝালিয়ে নিতে পারবেন চীনা ভাষার জ্ঞান। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন এ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।‘চায়নিজ ব্রিজ’ বিদেশি শিক্ষার্থীদের চীনা ভাষার দক্ষতা প্রমাণের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বিশ্বের বহু দেশের শিক্ষার্থীরা অংশ নেন। চীনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের জন্য প্রতিযোগী নির্বাচন করতে চীনা দূতাবাস চায়নিজ ব্রিজ কম্পিটিশন সেমিফাইনাল পর্বের আয়োজন করে থাকে। বিজ্ঞপ্তি।