নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পেশা মেলা
পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র—মানুষের শিক্ষার মূল জায়গা এই তিনটি। কর্মক্ষেত্রে যাওয়ার আগে নিজের ভেতর উঁকি দিন, দেখুন কোন পর্বতটা পার হতে হবে। অর্থাৎ বড় লক্ষ্য স্থির করে অকুতোভয়ে তা জয় করতে হবে।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘অষ্টম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তাঁরা আরও বলেন, জীবনবৃত্তান্তে কেউ বিবাহিত নাকি অবিবাহিত, কিংবা ধর্ম কী?—এসব তথ্য কোনো কাজে আসবে না। বরং প্রচলিত শিক্ষার পাশাপাশি কে, কী করেছেন, জগৎটাকে কতটা চেনেন সেসব বিষয় কাজে লাগে। কেউ যদি রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার কাজে অংশ নেয়, কিংবা ভালো ক্রিকেট খেলে বা গান গায় তাহলে নিয়োগকর্তা বিষয়গুলো মূল্যায়ন করবেন। এগুলো চাকরি পাওয়ার ক্ষেত্রে বিবেচনায় আসবে।পেশা মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় বক্তৃতা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম, বাণিজ্য অনুষদের ডিন আবদুল হান্নান চৌধুরী, ক্যারিয়ার ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস)-এর পরিচালক খসরু মিয়া, পেশা মেলার টাইটেল স্পন্সর মুঠোফোন কোম্পানি রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কুইনার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবদুস সাত্তার।আয়োজকেরা জানান, শিক্ষিত যুবক ও যুব মহিলাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস) চাকরিদাতা প্রতিষ্ঠান এবং চাকরিপ্রার্থীর মধ্যে সেতুবন্ধন রচনার অংশ হিসেবে প্রতিবছর আয়োজন করে পেশা মেলার। এবারের আয়োজনে নেসলে বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, স্কয়ার গ্রুপ, এমজিএইচ গ্রুপ, সিটিসেল, এয়ারটেল, আইসিডিডিআরবি, কোটস্, গ্রামীণফোন আইটিসহ অর্ধশতাধিক জাতীয় ও বহুজাতিক কোম্পানি অংশ নিচ্ছে।জব এবং ক্যারিয়ার সম্পর্কিত মোট ৫০টি সেমিনার অনুষ্ঠিত হবে দুই দিনে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আজ শনিবার সন্ধ্যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠান হবে। এ আয়োজনের সহযোগী স্পন্সর প্রথম আলো জবস, স্কয়ার গ্রুপ, এমজিএইচ এবং সুপার স্টার।