নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 'সোসিও ক্যাম্প-৭'
তরুণদের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক ধারণা সবার কাছে তুলে ধরার লক্ষ্যে সোসিও ক্যাম্পের আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব। এটি এই ক্লাবের সপ্তম আয়োজন।
এ বিষয়ে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুনতাসির মুজিব বলেন, তরুণদের মধ্যে আছে উদ্ভাবনী ক্ষমতা। তাঁরাই পারেন দেশে পরিবর্তন আনতে। সঠিক প্ল্যাটফর্মের অভাবে তাঁরা সেই চিন্তাভাবনা কাজে লাগাতে পারেন না। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণেরা তাঁদের বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক ধারণা সবার কাছে পৌঁছাতে পারবেন। তাঁদের সেই ধারণাকে কাজে লাগিয়ে পরিবর্তনের ভাবনায় যুক্ত করতে ‘সোসিও ক্যাম্প’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
‘সোসিও ক্যাম্প-৭’ প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে ২৮ অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটরিয়ামে। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত থেকে আসা প্রায় ৪৭৩টি টিম অংশ নিয়েছে। প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি এতে অংশ নেন। প্রথম পর্বের টিমগুলো থেকে ৪০টি টিম দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। দ্বিতীয় রাউন্ড হবে আগামী ৬ নভেম্বর। চূড়ান্ত প্রতিযোগিতা হবে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এতে সহযোগিতায় করেছে সুজুকি ও ফুটওয়্যার। বিজ্ঞপ্তি।